সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার ফলার আঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন।
গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গালা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভুট্টো মোল্লা (৪০) ওই গ্রামের মৃত বনো মোল্লার ছেলে।
পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো- নিহত ভুট্টোর ভাই সিদ্দিক মোল্লা, ভাবি শিমতি বেগম, ভাতিজা শফিকুল ইসলাম ও তার বৌ আরিফা খাতুন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, পারিবারিক কলহ নিয়ে রাতে ভুট্টো মোল্লা ও তার ভাই সিদ্দিক মোল্লার পরিবারের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সিদ্দিক মোল্লার ছেলে শফিকুল ফলা দিয়ে চাচা ভুট্টো ও চাচাতো ভাই নবীরুলকে আঘাত করে। এতে নবীবরুলের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং ভুট্টো গুরুত্বর আহত হয়। এছাড়াও সংঘর্ষ ঠেকাতে গিয়ে আরো দুজন আহত হয়। আহতদের মধ্যে ভুট্টোকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।
তিনি জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।





