নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন, আসছে ডিসেম্বরে সিটি করপোরেশনের নির্বাচনের আগেই অনেক খেলা হবে। আকাশে শকুন উড়ছে। ষড়যন্ত্রকারী শকুনদের মোকাবিলা করতে হবে আগে। কারণ সামনের ছয় মাস বেশ কঠিন সময় আসছে। অন্য যে কোনো সময়ের চেয়ে এ ছয় মাস খুবই ভয়াবহ হতে পারে। আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরই লড়াই করতে হবে। মাঠে থাকতে হবে। নৌকা পেলেই পাস, এমন যারা ভাবেন তারা রাজনীতি থেকে দূরে থাকেন। দেখতে হবে জনগণ ও দলের নেতাকর্মীরা আপনাকে চায় কি না। তারপর দল চিন্ত করবে আপনি নৌকা পাওয়ার যোগ্য কি না।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মিলনায়তনে মহানগর আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বার বছর ধরে ক্ষমতায় থেকে আমাদের চর্বি মোটা হয়ে গেছে। সবাই মনে করছে নেতাকর্মী ও জনগণের দরকারকি। নির্বাচনে নৌকা প্রতীক পেলেই পাস। তাই নৌকার পিছে ছুটে। এই ছুটাছুটি না করে যার যার এলাকার জনগণের কাছে যান। তারা চাইলেই পাস করা সম্ভব।
তিনি বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, সাম্প্রদায়িকতা থাকুক এটা আমি চাই না।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহার সভাপতিত্বে কর্মসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুু চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক জাকিররুল আলম হেলাল, অ্যাডভোকেট মাহমুদা মালা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, যুবলীগ সভাপতি মতিউর রহমান মতিসহ প্রমুখ।





