অপরাধ

সাভারে ইসলামী এজেন্ট ব্যাংকে থেকে ছিনতাইকৃত টাকাসহ গ্রেফতার ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে, ২০২৩

সীমা আক্তার ছোঁয়া,সাভার প্রতিনিধি:
সাভারে ইসলামী এজেন্ট ব্যাংকে থেকে ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ ।
রোববার (২৮ মে) দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ববরিশাল জেলার গৌরনদী থানার মৃত কাদের বেপারীর ছেলে তাওহিদ ইসলাম (৪৫), মাগুড়া জেলা থানার রাঘবদাইড় গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে শিমুল (৩৬)ও পটুয়াখালী জেলার দশমিনা থানার ঠাকুরহাট বাজার এলাকার কালু হাওলাদারের ছেলে জসিম উদ্দিন (৪৫)।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, গত ৭ মে সাভারের উলাইলের আল-মাদানী রেস্টুরেন্টের সামনে থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রাথমিকভাবে গাড়িটি শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামির অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (২৭ মে) সকালে এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম পটুয়াখালীর দশমিনা থানার আদর্শনগর এলাকার নিজ বাড়ি থেকে জসীমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে জসীমের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শিমুলের নামে ঢাকার ডিএমপিসহ বিভিন্ন থানায় মানবপাচার, মাদকদ্রব্যসহ ৯টি মামলা রয়েছে। এছাড়া তাওহিদ ইসলাম নামের ১টি ও জসিমের নামে ৩টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিশ্চিত হতে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads