নেত্রকোনার দুর্গাপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি ভবন নির্মান কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ২০১৮-১৯ অর্থবছরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশল জন্য ভবন নির্মাণে অর্থ বরাদ্দ হয়।
সোমবার সরেজমিনে গিয়ে জানা যায়, নেত্রকোনার মেসার্স সুশ্রী রানী সাহা রায় এন্টারপ্রাইজ ভবন নির্মাণ কাজ পেলেও অন্য প্রতিষ্ঠানের ঠিকাদার এই কাজটি করছে। গত ২০ নভেম্বর উপজেলা প্রশাসনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই নির্মান কাজটির উদ্বোধন হলেও এ ব্যাপারে প্রশাসনকে কিছুই জানানো হয়নি বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও কাজের ডিজাইন অনুযায়ী কোন কাজ না হওয়ায় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, আমি গিয়ে দেখেছি কাজটি নকশা মতো হচ্ছে না। আমি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। সেই সঙ্গে নকশা মোতাবেক নির্মান কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দিচ্ছি।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। ভবনের কাজে বেজ ঢালাই ছাড়াই কলাম ঢালাই করার বিষটি চোখে পড়েছে। এছাড়া নির্মাণ সামগীগুলোও নিম্নমানের মনে হয়েছে। এরই প্রেক্ষিতে কর্মরত শ্রমিকদেরকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।





