সরকারি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ছবি : সংগৃহীত

অপরাধ

সরকারি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

  • রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৯

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৎস্য দপ্তরের সরকারি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলা সদরে বাইপাস মোড় এলাকার ওই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে দেখা যায়। গত রোববার রাতের যেকোনো সময় বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, মাছ নিধনের উদ্দেশ্যে গত রোববার রাতে সরকারি পুকুরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে ৬০-৭০ হাজার টাকার চাষ করা মাছ নিধন করেছে। চলতি বছর মো. মনিরুজ্জামান রেজোয়ান, শহিদুল জমাদ্দার, মিঠুন চক্রবর্তী ও রব্বানীসহ ওই এলাকার যুবসমাজ এই সরকারি পুকুরে মাছ চাষ শুরু করেন। এই পুকুরটিতে তেলাপিয়া, রুই, কাতলাসহ বেশ কয়েকটি দেশীয় প্রজাতির মাছ চাষ করেন তারা।

মো. মনিরুজ্জামান রেজোয়ান জানান, বিগত ১৫-২০ বছর পর্যন্ত পুকুরটি এলাকার আবদুল মালেক কাকার তত্ত্বাবধানে ছিল। চলতি বছরে আবদুল মালেক কাকা এই পুকুরটির দায়িত্ব আমাদের যুবসমাজের তত্ত্বাবধানে দেন। আমরা চার জনসহ এলাকার যুবকরা মাছ চাষ শুরু করি। বিগত ২০ বছরেও কোনো দিন এরকম কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. আবুল বাশার জানান, আমি ঘটনা স্থানে গিয়ে পুকুরের পানি পরীক্ষা করে দেখেছি। ওই পুকুরে বিষাক্ত পদার্থ প্রযোগ করা হয়েছে, যে কারণে মাছগুলো মারা গেছে। ওই পুকুরের তত্ত্বাবধানে যারা আছে তাদের থানায় সাধারণ ডায়েরি করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads