টাঙ্গাইলের সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন (৭০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আজ মঙ্গলবার ওই মুক্তিযোদ্ধাসহ আটজনের রিপোর্ট এসেছে। এদের কেউ বরোনায় আক্রান্ত নয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
গতরোববার উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে উপজেলার বেতুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল করোনাভাইরাসের সন্দেহে ওই মুক্তিযোদ্ধার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়।
এছাড়াও করোনা সন্দেহে ডাক্তার মোহাম্মদ এনামুল হক, মো. মফিজুল ইসলাম, আমির আলী, রুবেল, লাইলী বেগম, আবুল কালাম ও রিনার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম বাংলাদেশের খবরকে বলেন, আজ মঙ্গলবার ওই মুক্তিযোদ্ধা, একজন চিকিৎসক ও উপজেলা প্রশাসনের চার কর্মকর্তাসহ ৮জন রোগীর নমুনার রিপোর্ট এসেছে। তাঁদের সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ।
তিনি আরো জানান, এ সখীপুরের সর্বমোট ২৯ জনের নমুনা রিপোর্ট এসেছে। খুশির খবর হলো তাদের কারো শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি।





