টাঙ্গাইলের সখীপুরে এবার করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা (৩২)। সোহেল রানা সখীপুরের প্রথম পুলিশ কর্মকর্তা হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, গত ১৪ জুন সোহেল রানা ছুটি শেষ করে বাড়ি থেকে কর্মস্থল সখীপুরে এসে কোয়ারেন্টাইনে ছিলেন। ১৫ জুন করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। আজ সকালে জানতে পারি তার করোনা পজিটিভ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান জানান, ওই পুলিশ কর্মকর্তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি অনেকটা সুস্থ ও স্বাভাবিক আছেন।





