নোয়াখালীর সেনবাগে সংঘর্ষের আশংকায় বিএনপির পূর্ব নির্ধারিত আলোচনা সভা বন্ধ করে দিয়েছে সেনবাগ থানা পুলিশ।
আজ শুক্রবার বিকাল ৩ টায় ছমির মুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টারে কাবিলপুর ইউনিয়ন বিএনপির ওই আলোচনা সভা অনুষ্ঠিত হবার কথা ছিল। ওই আলোচনা সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল সাবেক বিরোধীদলীয় চিফহুইপ ও বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের।
এবিষয়ে কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান সভার অনুমতি চেয়ে সেনবাগ থানায় লিখিত আবেদন করেন।
কিন্তু সেনবাগ থানা পুলিশ আলোচনা সভার ৮ ঘন্টা আগে সভা না করার জন্য আয়োজকদের নিষেধ করে দেন। এবং সেনবাগ থানার এএসআই নাসির উদ্দিন সকালে কমিউনিটি সেন্টারে এসে সভার অনুমতি নেই বলে সেন্টারের কর্তৃপক্ষের কাছে জানান।
এব্যাপারে যোগোযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুল বাতেন মৃধা বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে একটি লিখিত পাওয়ার কথা স্বীকার করে বলেন, তারা সভার অনুমতি দেননি। অপর দিকে আলোচনা সভাকে কেন্দ্র করে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় সংষর্ষের আশংকা দেখা দেওয়ায় সভাটি না করা জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
এব্যাপারে কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান কমিউনিটি সেন্টারের সভাটি করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে জানান, তারা স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ন সভা আহবান করেন। এবিষয়ে প্রশাসন থেকে অনুমতিও নেওয়া হয়েছে। কিন্ত তাদের প্রতিপক্ষ কাজী মফিজুর রহমান গ্রুপের নগ্নহস্তক্ষেপে পুলিশ তাদের পূর্ব নির্ধারিত স্থানে সভাটি করতে দিচ্ছেনা। তবে, তারা ওই সভাটি সাবেক বিরোধীদলীয় চিফহুইপ জয়নুল আবেদিন ফারুকের বাড়িতে করবেন।





