সারা দেশ

শ্রীমঙ্গলে উত্তরজনপদের চা চাষিদের মোটিভেশনাল শিক্ষা সফর সমাপ্ত

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২১

উত্তরাঞ্চলের ক্ষুদ্র পর্যায়ের চা চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও হাতেকলমে চা চাষ সম্পর্কে ধারণা দেয়ার নিমিত্তে চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় ৮-১১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের নিয়ে চা আবাদী বিষয়ক ৪ দিনের মোটিভেশনাল শিক্ষা সফর শেষ হয়েছে।

মোটিভেশনাল শিক্ষা সফরে চা বোর্ডের কর্মকর্তাবৃন্দসহ উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র চা চাষিদের সমন্বয়ে ১২ সদস্যের একটি টিম অংশগ্রহণ করেন।

শিক্ষা সফরের অংশ হিসেবে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে উদ্ভোধনী অনুষ্ঠান ঘোষণা করা হয়। ঐ দিনই “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” এর ব্যানারে “বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেমিনারে পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিইউ'র ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক।

সেমিনারে বিটিআরআই এর বিভাগীয় অভিজ্ঞ বিজ্ঞানীগণ চায়ের জাত নির্বাচন, চারা রোপন, প্লাকিং, টিপিং, প্রুনিং, সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ও হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে বিটিআরআই এর উদ্ভিদবিজ্ঞান ল্যাবরেটরী, পেস্ট ম্যানেজমেন্ট ল্যাবরেটরী, পেস্টিসাইড রেসিডিউ ল্যাবরেটরী ভিজিট করা হয়। 

কর্মশালার রিসোর্স পারসনগণ তাঁদের বক্তব্যে উত্তরাঞ্চলের চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চায়ের গুণগতমান উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। শিক্ষা সফরের অংশ হিসেবে টিমের সদস্যবৃন্দ মাঠ পর্যায়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে ফিনলে’র ভাড়াউরা চা বাগান, কালিঘাট চা বাগান, বিটিআরআই এর বিলাশছড়া পরীক্ষণ চা খামারসহ শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান, টি রিসোর্ট এন্ড মিউজয়াম সরেজমিনে পরিদর্শন করেন। 

মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন নিউসমনবাগ চা বাগানের বিভিন্ন সেকশনে প্রশিক্ষণার্থীদের চা চারা রোপন, প্রুনিং, প্লাকিং, সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। মাঠ পর্যায়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বাগানটির ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান। গতকাল শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৪ দিনের মোটিভেশনাল শিক্ষা সফর সমাপ্ত ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী ক্ষুদ্র চা চাষিদের মধ্যে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে সেরা পুরস্কারও প্রদান করা হয়। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের জন্য বাংলদেশ চা বোর্ড কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত মোটিভেশনাল শিক্ষা সফরের অংশগ্রহণ করতে পেরে চাষিরা খুবই আনন্দিত ও ভীষণ উপকৃত হয়েছেন বলে তাঁরা জানান। ভবিষ্যতে ক্ষুদ্র চা চাষিদের নিয়ে দেশের বাইরে এ ধরনের শিক্ষা সফর আয়োজনের আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads