গাজীপুরের শ্রীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। এ সময় সবুজ বর্জ্য ব্যবস্থাপনা এবং একটি মুক্তিযুদ্ধ কর্ণারেরও উদ্বোধন করা হয়। আজ সোমবার মাওনা ইউনিয়নের সিঙ্গারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ স্টোরের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ।
এ সময় বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সততা স্টোর উদ্বোধন করেন-শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মোবারক হোসেন ও পাঠাগার উদ্বোধন করেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ ।
এতে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও রসায়নবিদ সাঈদ চৌধুরী । তিনি বলেন আমরা স্বচ্ছ ও সৎ বাংলাদেশ দেখতে চাই, আমরা চাই ছোট্ট মনিরা এখন থেকেই শক্ত হয়ে দাঁড়াতে শিখুক, আমরা চাই পরিস্কার একটি মাতৃভূমি আর তাই আমাদের এ প্রচেষ্ঠা। আমরা চাই শিশুকাল থেকেই সততা আর পরিচ্ছন্নতার বলয়ে তাঁদের জীবন গড়ার অঙ্গীকার করুক।





