গাজীপুরের শ্রীপুরে সপ্তাহ ঘুরতেই ফের বনের ভিতর থেকে পাতায় মোড়ানো এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল সপ্তাহে (২৬ ডিসেম্বর) মাওনা ইউনিয়নের হাসিখালি এলাকার বনের ভিতর থেকে শিয়ালে খাওয়া এক অটোচালকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। এক সপ্তাহ নিখোঁজের পরে বনে মিলেছিল অটোচালকের মরদেহ। পৌরসভার গুচ্ছগ্রাম এলাকার তালুকদার ভিটা নামের এক বনের ভিতরে পড়ে ছিল নারীর মরদেহটি।
খবর পেয়ে আজ সোমবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। এমন ঘন ঘন লাশ উদ্ধারে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
নিহত নারী পোশাক শ্রমিকের নাম রাশিদা খাতুন (৪২)। তিনি পৌরসভার মাধখলা এলাকার ইসরাক টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন। তিনি একই এলাকার শহীদুল আলমের স্ত্রী।
নিহতের স্বামী ও স্বজনরা জানান, রাশিদা রবিবার অফিস করে বাড়ি ফিরেনি। অনেক রাত হয়ে গেলেও বাড়ি না আসায় কারখানা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়েছে। কোনো হদিস পাওয়া যায়নি। পরে এ ঘটনা থানায় জানানো হয়েছিল। আজ সকালে বাড়ি থেকে আড়াই কি.মি দুরের একটি বনের ভিতরে (তালুকদার ভিটা) গজারি পাতায় মোড়ানো একটি লাশ দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
শ্রীপুর মডেল থানার এসআই ইমরান হোসেন জানান, সকালে বনের ভিতরে কাজ করতে দিয়ে স্থানীয়রা পাতায় মোড়ানো নারীর একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন।





