শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নতুন করে একদিনে রেকর্ড সংখ্যক ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো জেলায় ৯২২ ও এ উপজেলায় দাঁড়িয়েছে ১১২ জনে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রাশেদ আল মামুন।
তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে শুক্রবার সকালে ঝিনাইদহ জেলায় ১১০টি নমুনার রিপোর্টে ৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে শৈলকুপা উপজেলার ২৩টি নমুনার রিপোর্টে ১১ জনের পজেটিভ এসেছে। এ উপজেলার শনাক্তরা হলেন, পৌর এলাকার মধ্যপাড়ার মুদি ব্যবসায়ী আনন্দ কুমার শাহ্ (৬০), নগরপাড়ার মেহেদী হাসান (২৭), মালিপাড়া এলাকার মাজেদুল হক চুকা (৩৮) ও তার স্ত্রী শিল্পী খাতুন (৩০), উপজেলার চরবাখরবা গ্রামের বকুল হোসেন (৪০) ও তার স্ত্রী সহ ছেলে সোহান হোসেন, উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামের আকিজ গ্রুপে কর্মরত সোহেল রানা (২৭) ও হাকিমপুর ইউনিয়নের কৌপাড়া গ্রামের আব্দুর রব (৬০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলের স্ত্রী সানজিদা খাতুন (২৮), নাতী ছেলে আবরার বাশার (০২) রয়েছে। সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।
এদিকে, উপজেলা জুড়ে শনাক্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেলেও স্বাস্থ্যবিধি মানছে না কেউ। সামাজিক দুরত্ব বজায় না রেখে পাশাপাশি দাড়িয়ে চলছে বেচাকেনা। অনেক মার্কেট ও ফুটপাটের দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতা উভয়ের মুখে নেই কোনো মাস্ক। এভাবে সবাই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চললে করোনা বিস্তার ভয়াল রূপ নেবে বলে আশংকা প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯২২, সুস্থ হয়েছেন ৩৯৮ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের। আর এ শৈলকুপা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১২, সুস্থ হয়েছেন ৩৭, মৃত্যু হয়েছে ৩ জনের।





