লালমনিরহাট প্রতিনিধিঃ
গত ৩ দিন ধরে প্রবল শীতে কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাট। হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে পাশ্ববর্তি কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, লালমনিরহাটের তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কয়েকদিনের শীতে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা। গত ৩দিনে লালমনিরহাট সদর হাসপাতলে শতাধিক বৃদ্ধ নারী পুরুষ ও শিশু ডায়রিয়া এবং শ্বাসকষ্ট জনিত রোগে ভর্তি হয়েছে। তবে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও জেলার ৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগী।
লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, শীতে হাসপাতালে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমরা প্রয়োজনীয় সেবা দিচ্ছি। ভূগৌলিক কারণে এ জেলায় শীত বেশী হয়। শীতে শিশু ও বয়োবৃদ্ধ মানুষদের সতর্ক রাখার পরামর্শ দেন তিনি।





