নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানের চাপায় আমজাদ হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের বেনুমিয়ার ছেলে। তিনি পুটিয়ার কারারচর এলাকায় থার্মেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে আমজাদ হোসেন একটি সাইকেলে করে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে তার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। আয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকা অতিক্রম করার সময় ঢাকা অভিমুখী কর্ভাড ভ্যান সাইকেলটিকে পিছন থেকে চাপা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো সাইকেলে করে কাজে যাচ্ছিলেন আমজাদ। একটি কর্ভাডভ্যান তাঁর সাইকেলটিকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আমজাদের লাশ বাড়িতে নিয়ে আসেন তাঁর স্বজনেরা।পরে দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হায়দার তালুকদার বলেন, সড়ক দূর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে আমরা গিয়ে কাউকে পাইনি।





