লালমনিরহাট সদর থানা পুলিশ ১৯০ কেজি গাঁজা ও ট্রলিসহ দুই চালককে আটক করেছে। আটককৃত গাজার মূল্য ১৯লাখ টাকা।
আজ শনিবার দুপুরে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক। আটক ব্যক্তিরা হলেন- রংপুর শহরের চোর জুম্মাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ট্রলি চালক সবুজ ইসলাম (২২) ও একই এলাকার আয়নাল হকের ছেলে সহকারী চালক আমিনুল ইসলাম (২৫)।
মাদক বিক্রেতার ৫ থেকে ৭জনের একটি চক্র সম্মিলিতভাবে ট্রলিতে কার্পেটে ঢেকে কুড়িগ্রাম থেকে গাঁজা পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গত শুক্রবার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বৈরাগী এলাকায় অভিযান চালায়। এসময় ওই ট্রলি আটক করে তল্লাশি চালিয়ে ২৪ বস্তায় ১৯০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ট্রলিটি জব্দ করে চালক সবুজ ও আমিনুল ইসলামকে আটক করে পুলিশ।
সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই চালক ও পলাতক দুইজনসহ অজ্ঞতনামা ১০থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।





