বিনামূল্যে রক্তদান করা স্বেচ্ছাসেবকের রক্ত নেওয়ার সময় হাতের বদলে পা দিয়ে রক্তের ব্যাগ পাম্প করার অভিযোগ উঠেছে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলামের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে।
এদিকে রক্তের ব্যাগে পা দিয়ে পাম্প করার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। বিষয়টিকে অগ্রহণযোগ্য এবং রক্ত অবমানা দাবি করে ক্ষোভে প্রকাশ করেছে স্বেচ্ছায় রক্তদান করা বিভিন্ন সামাজিক সংগঠন।
জানা যায়, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে শহরের নবীনগর এলাকার আসলাম হোসেন ‘ও’ নেগেটিভ রক্তদাতা হিসেবে ক্যান্সার আক্রান্ত শিরিন বেগমকে রক্ত দেওয়ার জন্য সদর হাসপাতালে যায়। সেখানে উপস্থিত থাকা একজন স্বেচ্ছাসেবক রক্তের ব্যাগে পা দেয়ার ছবিটি ফেসবুকে পোস্ট করলে তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখার পর জেলা প্রশাসক আবু জাফর ফোন করে হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সিরাজুলকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের তত্তাবাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই বিষয়টি সর্বপ্রথম তিনি জেলা প্রশাসক মারফত জানতে পারেন এবং তাৎক্ষণিক সেই মেডিকেল টেকনোলজিস্টকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ও পরবর্তীতে যেন এরকমটা না হয় সে বিষয়ে সাবধান করেন। এই বিষয়ে অফিসিয়ালি কোন ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তাকে শোকজ করবো এবং কারন দর্শানোর নোটিশ দেবো। তার জবাব পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে অভিযুক্ত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলাম বলেন, টেকনিক্যাল কারণেই তিনি পা দিয়ে পাম্প করেছিলেন, এসব নিয়ে সাংবাদিকদের কি?’ তিনি বলেন, আমার ছবি যেখানে খুশি যত বড় করে ছাপিয়ে দিন।
এদিকে রক্তের ব্যাগে পা তুলে দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হলে, ক্ষোভে ফেটে পরে রক্তদান করা বিভিন্ন সংগঠন। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে গতকাল বুধবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবীরা।





