লালমনিরহাটে উপ-নির্বাচনে ভোট গ্রহণকালে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনতাই করে অবৈধভাবে ব্যবহারের দায়ে আওয়ামী লীগ প্রার্থীর দুই কর্মীকে ৬ মাসের করে কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করে এ কারাদণ্ড প্রদান করেন ওই আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ওই ভোটকেন্দ্রে মধ্য গড্ডিমারী এলাকার বাহার উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ও মোকছেদুল রহমানের পুত্র সিরাজুল ইসলাম ব্যালট পেপার ছিনতাই করে অবৈধভাবে ভোট প্রদান করেন- এমন অভিযোগ করেন ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক কর্মকর্তা। এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলমের নির্দেশে পুলিশ তাদের আটক করেন। পরে আদালত বসিয়ে প্রত্যককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুই জন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের কর্মী বলে জানা গেছে।





