লকডাউন উপেক্ষা করে যুবায়ের আনসারীর জানাজায় লাখো মানুষের ঢল

সংগৃহীত ছবি

সারা দেশ

লকডাউন উপেক্ষা করে যুবায়ের আনসারীর জানাজায় লাখো মানুষের ঢল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল, ২০২০

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে চলছে লকডাউন। সেই লকডাউন উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম ঘটেছে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে এ জানাজা পড়ানো হয়।

খারাপ আবহাওয়া ও চলমান লকডাউন ভেঙেই এই আলেমের জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে মানুষ এসে জড়ো হন বেড়তলায়। মাদরাসা মাঠে জায়গা না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার অংশে জানাজায় অংশ নেয় মানুষ। জানাজায় ইমামতি করেন জুবায়ের আহেমদ আনসারীর দ্বিতীয় ছেলে মাওলানা আসাদুল্লাহ গালিব। পরে জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গণেই তার মরদেহ দাফন করা হয়।

এ অবস্থায় স্থানীয় প্রশাসন অনেকটা নীরবতা পালন করেছে। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ঝুঁকি থাকায় করোনা ছড়ানোর আশঙ্কা তো থেকেই যাচ্ছে। 

এ ব্যাপারে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে দুজনের অধিক লোকসমাগম নিষিদ্ধ ছিল। সেখানে হাজারো বা লাখো লোক সমাগম হওয়াটা জনস্বার্থ পরিপন্থি। ঘটনাটি বিব্রতকর ও বেদনাদায়ক।

এছাড়া তাৎক্ষণিকভাবে পুলিশ দিয়ে এমন পরিস্থিতি সামাল দেয়া মোটেও সম্ভব ছিল না বলেও জানান তিনি।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, জানাজায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও অন্যান্য জেলা থেকে মানুষ এসেছে। এতো মানুষ হবে সেটি আমরা বুঝতে পারিনি। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না।

গতকাল শুক্রবার বিকেল পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন মাওলানা জুবায়ের আহমেদ আনসারী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads