নরসিংদীর রায়পুরায় নাতির ঘুড়ি উড়ানো নিয়ে দ্বন্দ্বে হারুন খাঁন (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জালাল ও তার মেয়ে কুলসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার তুলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুনের বাড়িও তুলাতুলী। সে পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার তুলাতুলীতে নিহত হারুন খাঁনের মেয়ের ছেলে (দুই নাতি) আলী ও আলাদীন বাড়ির পাশের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এসময় সেখানে যায় প্রতিবেশী জালাল মিয়ার মেয়ের ছেলে (নাতি) আব্দুল আহাদ সেখানে ঘুড়ি উড়ানো নিয়ে শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জেরে জালাল মিয়ার লোকেরা হারুন খাঁনকে এলোপাতাড়িভাবে কিলঘুষি ও লাথি দেয়। হারুন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হারুনের চাচাতো ভাই জাকির খাঁন জানান, ঘুড়ি উড়ানো নিয়ে প্রথমে শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে হারুন খাঁন এগিয়ে গেলে জালালের লোকেরা তাকে পিটিয়ে হত্যা করে।তবে এ ব্যাপারে নিজেদের নির্দোষ দাবি করেন আটক কুলসুম।
রায়পুরা থানার উপ পরিদর্শক দেব দুলাল দে জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী নাদিরা বেগম রাতেই বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত জালাল ও জালালের জালালের মেয়ে কুলসুমকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জালালের ছেলে নাসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





