সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাত গ্রামে প্রতিবছরের মত এবারও আগাম ঈদুল ফিতর উদযাপন করছে কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা। আজ বৃহস্পতিবার ঈদের নামাজ আদায় করেছেন তারা।
জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, উত্তর পশুরবুনিয়া, নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে।
ওইসব গ্রামে সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। অন্তত ৪-৫ হাজার মানুষ আজ গ্রামগুলো ঈদ উদযাপন করছে। তারা সকলে কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।
কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারী রাঙ্গাবালী জাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন শাহিন বলেন, করোনা পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।





