রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : রিজভী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী

ফাইল ছবি

রাজনীতি

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ মে, ২০১৯

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিত্যপণ্য কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা। মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না ঘোষণার পর দিন থেকেই হু হু করে দাম বেড়েছে প্রায় সব পণ্যের। বিভিন্ন পণ্যের দাম বেড়েছে গড়ে তিন থেকে চার গুণ।

বিএনপি নেতা রিজভী বলেন, রোজার মাসের জন্য ঢাকা সিটি করপোরেশন গরু ও খাসির গোশতের দাম কেজিপ্রতি যথাক্রমে ৫২৫ ও ৭৫০ টাকায় বেঁধে দিয়েছে। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় গরুর গোশত প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ এবং খাসির গোশত ৮০০ টাকায়। ব্যবসায়ীরা এর কারণ হিসেবে অতিরিক্ত খাজনা ও সরকারি লোকজনের চাঁদা আদায়কে দায়ী করছেন।

রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। সরকার জিম্মি অসাধু সিন্ডিকেটের কাছে। বাজারের দুষ্টুচক্র সিন্ডিকেট এখন বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ, বাজারের নিয়ন্ত্রকেরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads