অপরাধ

যশোরে যাবজ্জীবন ও ১৫ বছর সাজাপ্রাপ্ত ৫ জন আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ অগাস্ট, ২০২৩

শহিদ জয়, যশোর
যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন ও ১৫ বছরের সাজা প্রাপ্ত অস্ত্রধারী ৫ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে যশোর, গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আটক আসামিরা হলো যশোর শহরের বেজপাড়া এলাকার মো: রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সাগর হোসেন (২১) ও একই গ্রামের আব্দুল কাদের (৩৪)।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি অভিযান পরিচালনা করে। আসামিদের মধ্যে অন্যতম আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়াও অনান্য আসামিদের মধ্যে তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এবং আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এবং অনান্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের তাদের কাছে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা, ও বিষ্ফোরক আইনেও মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads