জাহাজ আগমনে ৭০ বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের হিসেবে, প্রতিষ্ঠার পর থেকে সব রেকর্ড ভঙ্গ করে মোংলা বন্দরে ২০২০-২১ অর্থবছরে ৯৭০টি বাণিজ্যিক জাহাজ এসেছে। যা গত অর্থ বছরের থেকে ৬৭টি বেশি। অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে মোংলা বন্দরে জাহাজ এসেছিল ৯০৩টি। ২০১৮-১৯ অর্থবছরে ৯১২টি, ২০১৭-১৮ অর্থবছরে ৭৮৪টি এবং ২০১৬-১৭ অর্থবছরে ৬২৩টি জাহাজ ভিড়ে ছিল এই বন্দরে। গতকাল রোববার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগ কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল জানান, ২০২০-২১ অর্থবছরে বন্দরে মোট জাহাজ এসেছে ৯৭০টি। এক বছরে এত জাহাজ বন্দর প্রতিষ্ঠার পর থেকে আসেনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ী ও জনগণের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রেখেছে। ফলে বন্দরের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। জাহাজ, কার্গো, গাড়ি ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সব সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় বন্দরের আয় স্বাভাবিকভাবে বেড়েছে। ভবিষ্যতে এই বন্দরের কার্যক্রম আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্ল্যেখ্য, ১৯৫০ সালে ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ দ্য সিটি অব লায়নস সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনিরগোল নামক স্থানে নোঙর করে মোংলা বন্দর প্রতিষ্ঠার সূচনা করে।





