মেয়র কাপ ফুটবলে ওয়ার্ডে ওয়ার্ডে তরুণ যুবকদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। তরুণ যুবসমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে এ ধরনের টুর্নামেন্টে আয়োজনের বিকল্প নেই। যেদিন খেলা থাকে ওই দিন এক উৎসবের পরিবেশ সৃষ্টি হয়ে যায়।
চলতি মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মতামত দেন উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামিম।
তিনি বলেন, মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট ওয়ার্ডের যুবক ও তরুণ সমাজের মধ্যে একটি উন্মাদনা সৃষ্টি করেছে। আমরা টুর্নামেন্টের শুরু থেকে এটি লক্ষ্য করেছি। স্থানীয় এ সকল টুর্নামেন্টগুলো একদিকে যেমন খেলোয়াড় সৃষ্টিতে সাহায্য করবে তেমনি যুবক তরুণ সমাজ যেন বিপথগামী না হয় সেটিতেও সাহায্য করবে।
ডিএম শামিম বলেন, আমার ওয়ার্ডে তরুণ ও যুবকরা যেন খেলাধুলা করতে পারে তার ব্যবস্থা করেছি। খেলাধুলার সামগ্রীও প্রদান করেছি। তরুণদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।
তিনি বলেন, মেয়র আতিকুল ইসলামের নির্দেশে ইতিমধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহন করা হচ্ছে। মেয়র কাপে আমাদের ৫০ নম্বর ওয়ার্ডও ভালো করতেছে। ভবিষ্যতে এ ওয়ার্ডের খেলাধুলার উন্নয়নে আরো পদক্ষেপ গ্রহন করা হবে।
এ জন্য তিনি সকলের সহায়তাও কামনা করেন।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ডিএনসিসি মেয়র কাপ-২০২১ উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’। টুর্নামেন্টে ৫০ ওয়ার্ড ওয়ার্ড গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নিত হয়েছে। বিজ্ঞপ্তি





