টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বের অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দূর্লভ চন্দ্র, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জানানো হয়, মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বেলা ৮টায় কুচকাওয়াজ-ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান, এরপর পুরস্কার বিতরণ, পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, বেলা চারটায় শপথপাঠ অনুষ্ঠান, সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির ও ধর্মীয় উপসানালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ এবং সন্ধ্যায় বর্নিল আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।





