বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ কর্মসূচি হয়েছে।
আজ সোমবার বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ সমাবেশ চলে।
এতে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার ও খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ, সাবেক সম্পাদক এ্যাডভোকেট আবদুর রউফ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম শামীম প্রমুখ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান। তাদের দাবি পূরণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।
এসময় উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





