আইন-আদালত

মিন্নির ওপর নির্যাতন চালানো হয়েছে: আইনজীবী মাহবুবুল বারী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুলাই, ২০১৯

রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী মাহবুবুল বারী।

তিনি বলেন, ‘জেল সুপারের উপস্থিতিতে মিন্নির সঙ্গে কথা হয়েছে। সে বলেছে তার সঙ্গে জোর-জবরদস্তি হয়েছে। তার ওপর নির্যাতন চালানো হয়েছে, সে খুব অসুস্থ। তার চিকিৎসার প্রয়োজন।’

আজ বুধবার মিন্নির আইনজীবী তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিন্নির ওপর কী ধরনের নির্যাতন চালানো হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, এ বিষয়ে সে বিস্তারিত কিছু জানায়নি। তবে সে খুব অসুস্থ। সে জানিয়েছে তার শরীরে খুব ব্যথা। তার চিকিৎসার প্রয়োজন। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল।

তবে এর আগে, জেল সুপার জানিয়েছিলেন ‘মিন্নি সুস্থ আছেন’ এ বিষয়ে জানতে চাইলে মাহবুবুল বারী বলেন, মিন্নি আজ জেল সুপারের সামনে নিজের অসুস্থতার কথা বলেছেন। পরে জেল সুপারের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, মিন্নি অসুস্থ হলে তার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় কারাগারে মিন্নি পড়াশোনা করতে চান বলে জানান তার আইনজীবী।

এর আগে, ২২ জুলাই মিন্নির চিকিৎসার আবেদন নামঞ্জুর করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী আবেদন নামঞ্জুর করে বলেন, জেল কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads