হবিগঞ্জের মাধবপুর উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকালে ধর্মঘর ইউনিয়নের চক-রাজেন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোঃ রাহাত মিয়া (৬) চক-রাজেন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম (বাবুল) এর ছেলে ও তার চাচাতো হুমায়ুন মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৬)। তারা উভয়ই হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী।
পত্যক্ষদর্শী জানান, নিহতদের লাশ একটি পুকুরে ভাসতে দেখে পথচারিরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানাযায়- রাহাত ও তানিয়া প্রতিদিনের ন্যায় তাদের বিদ্যালয়ে যায়। স্কুল ছুটি হলে অন্যান্য শিক্ষার্থীরা বাড়ীতে পৌছলেও তারা বাড়ী আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করার এক পর্যায়ে বাড়ীতে আসার রাস্তার পাশে একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখে।
ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম কামাল জানান, এটি একটি হৃদয় বিধারক ঘটনা। ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।





