কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে খালের মাটি কাটায় মাদারীপুরের রাজৈরে বাজিতপুরের প্রধান সড়কটি ভেঙে পড়েছে।
সাধুর খালে একটি স্লুইস গেট নির্মাণ করতে অপরিকল্পিতভাবে মাটি কাটায় অসংখ্য মেহগনি গাছসহ প্রায় ৩শ ফুট সড়ক ধ্বসে পড়েছে। ভাঙ্গন কবলিত হয়ে পড়েছে একটি বসত বাড়ী। ভাঙ্গন আতঙ্কে রয়েছে আরো কয়েকটি পরিবার। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি এলাকায় সাধুর খালে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মেসার্স আমিন এন্ড কোং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৩কোটি ২৬লাখ ৫৭হাজার ৭১১টাকা ব্যয়ে একটি স্লুইস গেট নির্মাণের কাজ শুরু করে।
এস্কাভেটর দিয়ে খাল ও সাধুর ব্রীজ-কমলাপুর সড়কের নির্মাণাধীন স্লুইস গেট এলাকার সড়কের পাশের মাটি কাটতে শুরু করলে বাড়ী ও সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় শ্রীশ্রী প্রণব মঠের সন্ন্যাসী, এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ মাটি কাটায় বাঁধা দেয় এবং বিষয়টি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করলে কয়েকদিন মাটি কাটা বন্ধ থাকে।
প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান পুনরায় অপরিকল্পিতভাবে মাটি কাটার কাজ শুরু করে। এতে গত ১৮ ফেব্রুয়ারী প্রায় ৩শ ফুট ঝুঁকিপূর্ণ সড়কটি অর্ধ শতাধিক মেহগনি ও অন্যান্য গাছসহ ১০ফুট নিচে দেবে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় একটি বসত বাড়ী ভেঙে যায়। ভাঙন আতঙ্কের মধ্যে রয়েছে আরো কয়েকটি পরিবার।
এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার উত্তরাঞ্চলের ছোট যানবাহনসহ প্রায় ১০হাজার লোক দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য চলাচল করে থাকে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রভাবশালী হওয়ায় তারা কোন বাঁধা বা পরামর্শ মানছে না।
যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হাট-বাজার ও এলাকাবাসীর মালামাল আনা নেওয়ায় মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী বর্ষা মৌশুমের আগেই সড়কটি পুনঃনির্মাণের দাবি জানান এলাকাবাসী। এছাড়াও বাড়ী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারটি ক্ষতিপূরণের দাবি জানান।
কিসমদ্দি গ্রামের মোঃ সিরাজুল ইসলাম জানান,স্লুইস গেট নির্মাণের জন্য মাটি কাটায় আমার বাড়ী ঘর ভেঙ্গে গেছে। আতঙ্কের মধ্যে রয়েছে আরো কয়েকটি পরিবার। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করা হলে কোন ক্ষতি পূরণের আশা পর্যন্ত দেয়নি প্রতিষ্ঠানটি।
বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার জানান, স্লুইস গেটের নির্মাণের জন্য সড়কের পাশের মাটি কাটা শুরু করলে প্রণব মঠের সন্ন্যাসী, শিক্ষক ও এলাকাবাসীকে নিয়ে মাটি কাটায় বাঁধা দেওয়া হয় এবং বিষয়টি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়। এর পরও ভ্যেকু দিয়ে মাটি কাটা শুরু করলে সড়কটি ধ্বসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে হাজার হাজার জনগনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, ৩কোটি ২৬লাখ ৫৭হাজার ৭১১ টাকা ব্যয়ে স্লুইস গেটটি নির্মাণ করা হচ্ছে। খাল থেকে মাটি কাটার সময় বড় বড় গাছে ওজনের ভারে মাটি সরে গিয়ে গাছসহ রাস্তা দেবে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্থ সড়কের গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গাছগুলো সরিয়ে নিলে একটি বিকল্প সড়ক নির্মাণ করে দেওয়া হবে। পরবর্তীতে স্লুইস গেটের কাজ সম্পন্ন করার সাথে সাথে ক্ষতিগ্রস্থ সড়কটি পুনঃনির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, বাজিতপুরে স্লুইস গেট নির্মাণ করতে গিয়ে একটি রাস্তা ধ্বসে পড়েছে। সাথে কিছু বাড়ীঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ ও ধ্বসে পড়া রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য।





