বিদায়ী অর্থবছর (২০১৯-২০) শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় ২ হাজার ৬৪ ডলার দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিএস ।
এর আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। করোনার কারণে বিদায়ী বছরে প্রবৃদ্ধি কমেছে। এটি সাময়িক হিসাব।
এর আগে, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ।
মাথাপিছু গড় আয় কোনো ব্যক্তির ব্যক্তিগত আয় নয়। একটি দেশের মোট আয়কে মাথাপিছু ভাগ করে দেয়া হয়।





