ঝিনাইদহের মহেশপুর উপজেলায় টহল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাহারুল ইসলাম ওরফে খোকন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার রাত পোনে ২টায় কালীগঞ্জ-জীবননগর সড়কের পাকাখালের কাছে কৃষ্ণচন্দ্রপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত খোকন ডাকাত দলের সদস্য। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি। খোকন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর মাঠে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে-এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাটিতে লুটিয়ে পড়েন খোকন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।





