টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের জলছত্র বড়বাইদ এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের দিকে ছেড়ে আসা প্রান্তিক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের জলছত্র বড়বাইদ এতিমখানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সা ও লাকড়ি ভর্তি ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন, মধুপুর পৌরসভার পোদ্দারবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৩০) এবং অপরজন যাত্রী (৩২) পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন, মধুপুরের কাকরাদের আজমত আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৫), আব্দুস সালামের মেয়ে সালেহা বেগম (২৫), জলছত্র গ্রামের হোসেন আলীর মেয়ে হোসনে আরা (৩০), ঘোণাবাড়ীর আমিনুল ইসলাম (৩০), ময়মনসিংহের মুক্তাগাছার কদ্দুস মিয়ার ছেলে শায়িন (৩০) ও কুড়িপাড়ার জিয়াউর রহমানের ছেলে মনির হোসেন (৪৫)। তাদের উদ্ধার করে সাথে সাথে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন আজ রোববার (১৮ অক্টোবর) জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ওসি তারিক কামাল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





