ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলার মূলহোতা গ্রেপ্তার, ১ দিনের রিমান্ডে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলার মূলহোতা গ্রেপ্তার, ১ দিনের রিমান্ডে

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলার মূল হোতা ও জুয়াড়ি আসর পরিচালনাকারী সেই ফজল মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে তথ্য প্রযুক্তির সাহায্যে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে আসামি ফজলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক রুপম কুমার দাস এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার ফজল মন্ডল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎ বাড়ি গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। তিনি গোবিন্দাসী ইউনিয়ন ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলার পর থেকেই ফজল মন্ডলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছিল। কিন্তু সে খুব চতুর প্রকৃতির। আইন-শৃঙ্খলাবাহিনীর চোখ এড়াতে বিভিন্ন পন্থায় দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে বুধবার মধ্যরাতে পুলিশের একটি দল তাকে গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেপ্তারে সক্ষম হয়।

এদিকে, সকালে টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে নিরুপ্পল সাহার ছেলে হামলাকারী জুয়াড়ি অমিত সাহাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল থানা পুলিশ।

উল্লেখ্য, গত ০২ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারর্সন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষসহ ৬ জন আহত হন।

এ ঘটনায় সেই রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ির প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামি করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে ফজল মন্ডল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে ভূঞাপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা কর্মসূচি পালন করে আসছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads