করোনা মহামারির কারণে দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর ভারত যাচ্ছে বাংলাদেশ বিমান। এয়ার বাবল চুক্তির অধীনে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভারতে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভারতের তিনটি গন্তব্যে ফ্লাইট চালাবে সংস্থাটি।
আজ বুধবার বিমান জানিয়েছে, দিল্লিতে ২৯ অক্টোবর, কলকাতায় ১ নভেম্বর ও চেন্নাই রুটে ১৫ নভেম্বর থেকে ফ্লাইট চালু করবে বিমান। ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।
গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ রয়েছে বিমানের।
এদিকে দীর্ঘ বিরতির পর আজ আবারো ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। উদ্বোধনী দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে চেন্নাই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।





