বৃদ্ধকে গাড়ির সঙ্গে বেঁধে পুলিশের নির্যাতন

লালমনিরহাটে গতকাল রেলওয়ের জমি উদ্ধার অভিযান পরিচালনার সময় আফসার আলী নামে এক বৃদ্ধ পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ক্ষিপ্ত হয়ে পুলিশ তাকে হাত ও কোমরে বৈদ্যুতিক তার দিয়ে অভিযানের গাড়ির সঙ্গে বেঁধে রাখে। পরে উপস্থিত লোকজন প্রতিবাদ করলে তাকে ছেড়ে দেওয়া হয়

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

বৃদ্ধকে গাড়ির সঙ্গে বেঁধে পুলিশের নির্যাতন

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, ২০১৯

কালিগঞ্জ উপজেলায় আফসার আলী নামে এক বৃদ্ধকে হাত ও কোমর বৈদ্যুতিক তার দিয়ে গাড়ির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে রেলওয়ে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জেলার কাকিনা রেলস্টেশন এলাকায় জনসস্মুখে ওই বৃদ্ধকে বেঁধে রাখা হয়। আটক বৃদ্ধ উপজেলার তালুকবানী নগর এলাকার মৃত আহম্মেদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগ সারা জেলায় রেলওয়ের জমি উদ্ধার উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছে। গতকাল সকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিদর্শক ইঞ্জিনিয়ার ডিএন মজুমদারের নেতৃত্বে জেলার কাকিনা রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় রেলওয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বৃদ্ধ আফছার আলী। এতে ক্ষিপ্ত হয়ে রেলওয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান ওই বৃদ্ধকে বৃষ্টির মধ্যে উচ্ছেদ অভিযানের গাড়ির সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে হাত ও কোমর বেঁধে আটকে রাখেন। একপর্যায়ে ওই উচ্ছেদ অভিযানের গাড়িটি পার্শ্ববর্তী হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছলে উপস্থিত জনতার প্রতিবাদের মুখে পড়ে। অবস্থা বেগতিক দেখে ওই বৃদ্ধকে ছেড়ে দেন ডিএন মজুমদার। এ সময় বিক্ষুব্ধ জনতার কাছে ক্ষমা চান রেলওয়ে পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান মিজান।

তবে ডিএন মজুমদার বলেন, বৈদ্যুতিক তার দিয়ে ওই বৃদ্ধকে বেঁধে রাখার বিষয়টি আমার জানা ছিল না। আমি দেখামাত্রই বৃদ্ধকে ছেড়ে দিয়েছি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads