মির্জাপুর উপজেলা আ.লীগের সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপ করছেন কৃষিমন্ত্রী

ছবিঃ রাব্বি ইসলাম

সারা দেশ

বিএনপি হরতাল করে সরকারের পতন ঘটাতে পারবেনা : কৃষিমন্ত্রী

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ, ২০২২

বিএনপি হরতাল, আন্দোলন, অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে, হরতাল করে সরকারের পতন ঘটাতে পারবেনা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) মির্জাপুর সরকারি কলেজের মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থেকে এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, সৃষ্টি করেছিলো জঙ্গি, ধ্বংস করেছিলো দেশের অর্থনীতি আর জনজীবনকে করে তুলেছিলো দুর্বিষহ। তাই এদেশের জনগণ তাদের কাছ থেকে সরে গিয়েছে। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশে আগামী নির্বাচনকে সামনে রেখে আ.লীগকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্ববান জানান।

সম্মেলনে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সম্মেলনের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামছুন নাহার চাঁপা, সদস্য এডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার, টাঙ্গাইল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ প্রমুখ।

এরআগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও আ.লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা। কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ শেষে উপজেলা আ.লীগে বিশেষ অবদানের জন্য ১৭ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বিকেল চারটায় সংবাদটি পাঠানোর সময় সবশেষ তথ্যমতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads