আওয়ামী লীগকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ওপর হামলা করে। তাই আওয়ামী লীগের পতন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে এক মিছিল তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করে প্রেস ক্লাব পর্যন্ত যেতে চেয়েছিলাম। কিন্তু সকাল থেকে পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে।
তিনি বলেন, সরকার আমাদের সভা সমাবেশ করতে দেয় না। এসব করছে তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে। আমরা সব সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করি। সজাগ আছি। কিন্তু এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। সংখ্যালঘুদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ চাই। যারা খুন হয়েছেন তার বিচার চাই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।





