রাজধানীর রুপনগর থানার এসআই মাসুদুর রহমানের বিরুদ্ধে অভিযানে গিয়ে এক বাসা থেকে আড়াই লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ সদরদপ্তর ও ডিএমপি কমিশনারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে এসআই মাসুদুর রহমান সাংবাদিকদের কিছু বলতে চাননি।
ভুক্তভোগী রাশিদা বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয় পুলিশের সোর্স অপুর সাথে এসআই মাসুদুর রহমানসহ সঙ্গীয় ৪-৫ জন ফোর্স তার নিজস্ব বসবাসরত বাসাতে দরজা খুলে প্রবেশ করে। দরজা খুলেই বলে বাসাতে ৩০-৩৫টি চোরাই মোবাইল সেট আছে সেগুলো বের করে দিন। তখন তিনি বলেন, আমার বাসাতে কোন চোরাই মোবাইল নাই আর আমি এ বিষয়ে কিছু জানি না। এ সময় এসআই মাসুদুর রহমানসহ সকলে মিলে তল্লাশির নামে রুমের সবকিছু তছনছ করে ফেললেও কোন অবৈধ কিছু পাননি। এক পর্যায়ে এসআই মাসুদুর রহমান ঘরে সংরক্ষিত ড্রয়ারে থাকা আড়াই লাখ টাকা তার পকেটে রেখে দিয়ে ভাড়াটিয়া আরো দুইজন নারীসহ আমাকে থানাতে নিয়ে যায়। থানায় নিয়ে বলে যে, যদি আমি বের হয়ে টাকার বিষয়ে কাউকে কিছু বলি তাহলে আমাকে ৫০ পিস ইয়াবাসহ কোর্টে চালান দিবে।
তিনি জানান, আমি ক্যান্সারের রোগী,কান্না জড়িত কন্ঠে অনুনয় বিনয় করে তাকে বলি আমাকে মাদকের মামলা দিবেন না,পরে টাকা ফেরৎ না দিয়ে আমাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনে কোর্টে চালান করে দেয়। পরের দিন ২০ আগস্ট আদালত থেকে জামিন পেয়ে বের হয়ে আসি।
ভুক্তভোগী উল্লেখ করেন, কোরবানির গরু বিক্রির গচ্ছিত টাকা ছিল। সেই টাকাই এসআই নিয়ে গেছে।
ঘটনার তদন্ত করে টাকা ফেরতসহ এসআইয়ের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন তিনি।





