করোনা পরিস্থিতির খারাপের দিকে যাওয়ায় কারাবন্দিদের সঙ্গে তাদের পরিবারের সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে তারা পরিবারের সাথে সপ্তাহে একবার ফোনে কথা বলতে পারবেন।
শনিবার (৩ এপ্রিল) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, করোনার প্রাদুর্ভাব এড়াতে আজ (শনিবার) থেকে কারাগারে পরিবারের সাক্ষাৎ বন্ধ করা হল। তবে কারাবন্দিরা তাদের পরিবারের সঙ্গে সপ্তাহে এক দিন কথা বলার সুযোগ পাবেন। আগে তারা সপ্তাহে ৮ মিনিট পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারতেন। এবার সময়সীমা ২ মিনিট বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।
সম্প্রতি কারা অধিদফতরকে দেওয়া এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ এপ্রিল থেকে একজন কারাবন্দির সঙ্গে তার পরিবারের একজন সদস্য মাসে একবার দেখা করতে পারবেন। তবে হঠাৎ করেই এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে কারা কর্তৃপক্ষ। এছাড়াও কারা কর্তৃপক্ষ কারাগারে বন্দি ও কর্মকর্তাদের মাস্ক, হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে।





