মোটর সাইকেলের সিটের নীচে এবং তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৪৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ মাহাতাব আলী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বগুড়ার ডিবি পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় বগুড়া শহরের দত্তবাড়ী কাজী মসজিদের উত্তর পার্শ্বে দত্তবাড়ী হতে চেলোপাড়া গামী পাকা রাস্তার উপর হতে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি।
বগুড়ার গোয়েন্দা পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে দত্তবাড়ী হতে চেলোপাড়া যাওয়ার রাস্তায় ডিবি পুলিশের একটি আগে থেকেই অবস্থান নিয়ে ছিল। এসময় কাঙ্খিত মোটর সাইকেল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের সীটের নীচে ১৬ বোতল ও তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রাখা ৩৩ বোতল ফেন্সিডিলসহ ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত চাঁন মিয়া ওরফে চান্দু শেখের পুত্র।
ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





