গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু ফের সন্ত্রসী হামলার শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের ফরেস্ট অফিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে আবারো হামলার শিকার হলেন তিনি। এ ঘটনায় তাঁর চাচা বাদি হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিবুর রহমান জুয়েল, মাসুম মন্ডল, মারুফ মিয়া ও রাসেল শেখ । অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আহত জিকু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন নেক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ হামলার ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। এ ঘটনায় গ্রেফতারকৃত চারজনকে পুলিশ আজ শ্রক্রবার আদালতে পাঠিয়েছেন।
আহত ছাত্রলীগ সভাপতি জিকুর স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর বাজার থেকে বাসায় ফেরার শ্রীপুর-রাজাবাড়ি আঞ্চলিকের ফরেস্ট অফিস এলাকায় একদল সন্ত্রাসী অর্তকিত হামলা চালায় জিকুর ওপর। এ সময় হামলাকারীরা জিকুকে লাঠি,রড,হকিস্টিক দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সন্ত্রসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় জিকুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
স্বজনরা আরো জানান, এক সপ্তাহ আগেই হামলার শিকার হয়েছিল জিকু। চিকিৎসা শেষে বাড়ি ফিরেই আবার হামলার শিকার হলো সে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক এমপি অ্যাডভোকেট রহমত আলীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জামিল হাসান র্দুজয়ের অনুসারী হওয়াই বার বার হামলার শিকার হচ্ছে। বর্তমান আওয়ামী লীগের জন্য এ ব্যাপারটা বদনাম হয়ে পড়ছে।
শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ আকতার হোসেন জানান, এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা জিকুর চাচা মঞ্জুরুল হোসেন বাদি হয়ে ১৯ জনের নামে মামলা দায়ের করেছেন। এ মামলার ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।





