ফরিদগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভায় গোলাগুলি, আহত ৩০

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় গোলাগুলি, আহত ৩০

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০১৯

চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিআরডিবি কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযুদ্ধা আবুল হায়াত পাটওয়ারীর সভাপতিত্বে সভাটি চলছিল। সভা পরিচালনা করছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আবু ছায়েদ সরকার।

বর্ধিত সভায় সকাল থেকে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের মিছিল নিয়ে বর্ধিত সভায় আসে।

সভার শেষ পর্যায়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুর রহমান বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বর্তমান সংসদ সদস্য শফিকুর রহমানের সমর্থকরা একটি মিছিল নিয়ে বর্ধিত সভায় ঢুকে সবাইকে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যয়ে বর্ধিতসভা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়ার গাড়ীসহ বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে বর্তমান সংসদ সদস্যের সমর্থকরা।

উভয় পক্ষকে নিবৃত করতে পুলিশ প্রথমে টিয়ারসেল নিক্ষেপ করে। এতেও উভয়গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুর না থামালে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের রাবার বুলেটের আঘাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা রিপন, এ্যাড. মাহবুবুল আলম, শরিফসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগের দাবী পুলিশ কারো ইন্ধনে বর্ধিত সভায় গুলি চালিয়েছে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমানের এক সমর্থক জানান, বর্ধিত সভায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা সাংবাদিক শফিকুর রহমানকে দাওয়াত না দেয়ায় তার সমর্থকরা বর্ধিতসভায় বাঁধা প্রদান করলে, সাবেক সংসদ সদস্য ড. শামসুল হক ভূইয়ার কর্মীসমর্থকরা তাদের উপর হামলা করে।

তিনি জানান, আমরা শুনেছি বর্ধিত সভা বন্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে চিঠি দিয়েছে। তার পরেও তারা বর্ধিত সভাটি স্থগিত করেনি। 

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী জানান, বর্ধিতসভা বন্ধে জেলা আওয়ামীলীগ কোনো চিঠি প্রদান করেনি।

এ ব্যাপারে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়া জানান, যে ঘটনাটি ঘটেছে তা আওয়ামী লীগের জন্য লজ্জাজনক ব্যাপার।

গুলিবর্ষণের বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির জানান, ফরিদগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা চলছিল। সেখানে বর্তমান সংসদ সদস্যের লোকজন বাধা দিলে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হয়। জনগণের জান ও মাল রক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads