মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিকালে সংসদে এই বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার তৃতীয় বাজেট। আর করোনাকালে দ্বিতীয় বাজেচ।
‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের এবারের বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাত। স্থানীয় শিল্প সুরক্ষায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
এ ছাড়া ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থবছরের পুরো সময়ে থাকবে সরকারের নানা ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি, বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।
এর আগে গতকাল (২ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন বসে। অধিবেশনের দ্বিতীয় দিনে আজ জাতীয় সংসদে বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা। সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি।
এবারের বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। আর চলতি সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা শেষে আগামী ২৯ জুন অর্থ বিল ও ৩০ জুন বাজেট পাস হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি।





