বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা ভাইরাসের মহামারির পরও মানুষকে খাদ্য খেয়ে বেঁচে থাকতে হবে। আর এই খাদ্য উৎপাদন করবেন কৃষকসমাজ। এই কৃষক সমাজকে বাঁচিয়ে রাখতে ও খাদ্য উৎপাদনে কৃষকসমাজকে উৎসাহিত করতে এবং কৃষি পণ্যের অভাবকে দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপজেলায় মো. হুসাইন আলী ও হীরা লাল রায়কে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এমপি গোপাল এসময় বলেন, মহামারি একদিন যাবেই। কিন্তু উৎপাদন না হলে দেশের লাখ মানুষ খাদ্যের অভাবে মানুষ মারা যাবে। এ খাদ্য অভাবকে দূর করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুপ্রেরণা। তিনি বলেন, কৃষকদের উন্নয়নে সব সময় পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পুরণে বদ্ধপরিকর। করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মো. নুর হাসান।





