‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১০০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি। চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে রঙ্গিন টিনের ছাউনি।ফকিরহাট উপজেলার শুভদিয়া ও লখপুরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ১০০টি পাকা ঘর নির্মাণ কাজ সম্পন্ন দ্রুতগতিতে চলছে। প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ফকিরহাটে এই আশ্রায়ন প্রকল্প উদ্বোধন করবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাঈদা দিলরুবা সুলতানা বলেন, সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের অসহায় ভুমিহীন ও বাস্তহারা পরিবারের মাথা গুজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। এরই আলোকে মুজিব শতবর্ষে দ্বিতীয় পর্যায়ে ১০০টি পরিবার নতুন পাকাঘর পাচ্ছেন। ঘরগুলো নির্মাণ কাজের শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে দেখভাল করছেন। কাজের যেন কোনো অনিয়ম না হয় সেই দিকে তারা সব সময় নজর রেখেছেন। অচিরেই ঘরগুলো হস্তান্তর করা হবে।
এদিকে ভূমি ও গৃহ পাচ্ছেন এমন কয়েকজনের সাথে আলাপ করা হলে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে আমরা উচ্ছাসিত ও আনন্দিত। সারাদিন মাঠে ঘাটে অন্যের ক্ষেতে কাজ কর্ম করে নিজ গৃহে বসবাস করতে পারব। রোদ-বৃষ্টি ঝড়ে আমাদের আর অন্যের বাড়ীতে আশ্রয়ের জন্য যেতে হবে ন্।া এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আল্লাহ যেন দীর্ঘায়ু করেন।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। উপজেলায় ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর। ইতিমধ্যে ঘরের নির্মান কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ফকিরহাটে এই আশ্রায়ন প্রকল্প উদ্বোধন করবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, শুভদিয়ায় ৫০টি ও লখপুরে ৫০টি মোট ১০০টি পাকা ঘর নির্মান কাজ সম্পন্নের পথে। এখানে বিদ্যুৎ ও নলকুপের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম পর্যায়ে ফকিরহাট পাকা ঘর প্রদান করা হয়েছে ৩০টি গৃহহীন পরিবারকে। তিনি আরও বলেন অত্র উপজেলায় গৃহহীন কোনো পরিবার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হবে।





