নিজস্ব প্রতিবেদক:
চলতি হিসাববছরের প্রথমার্ধে বা প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের বছরের একই সময় ছিল ১ টাকা ২৩ পয়সা। অর্থাৎ প্রথমার্ধে বা প্রথম দুই প্রান্তিকে ইপিএস কমেছে ৪ পয়সা। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬৪ পয়সা। অর্থাৎ শুধু দ্বিতীয় প্রান্তিকের হিসেবে ইপিএস কমেছে ১ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪১ পয়সা। এছাড়া প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭১ পয়সা, অথচ আগের বছরের একই সময়ে ছিল ৭২ পয়সা।
কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ এবং স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৭ আগস্ট ২০২৪ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। এ’ ক্যাটেগরির বিমা খাতের কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫২ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪৩ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির ৫ কোটি ২০ লাখ ৯৯ হাজার ১৯৭ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪০ দশমিক ৪৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২১ দশমিক ০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৮ দশমিক ৪৩ শতাংশ শেয়ার।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ সালে এনএভি ছিল ১৮ টাকা ৩২ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সালে এনএভি ছিল ১৭ টাকা ৬ পয়সা। আর আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৬৯ পয়সা। এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩১ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৩১ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ২৮ টাকা ৬০ পয়সা থেকে ৬১ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।





