করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন।’
আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভা শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, এনইসি শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থেকে সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে সবাইকে এ ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো প্রতিরোধ করতে হবে, কাজও করতে হবে। করোনা বৈশ্বিক সমস্যা আমরা স্বীকার করি। বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার মনে এই নয় যে আতঙ্ক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণকে সুরক্ষা দেয়া। এ জন্য খুব সীমিত কিছু করার স্বাধীনতা আমাদের আছে। আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেলফ কোয়ারেন্টাইন। নিজেকে নিজে কোয়ারেন্টাইন করা। এখন প্রযুক্তির যুগ। মোবাইল, ল্যাপটপ ব্যবহার করা যায়। যোগাযোগ করা যায়। সুতরাং বাইরে না গিয়েও অনেক কিছু করা যায়।





