পায়রা সেতুর নির্মাণকাজ শেষ হচ্ছে আগামী মাসে

সংগৃহীত ছবি

যোগাযোগ

পায়রা সেতুর নির্মাণকাজ শেষ হচ্ছে আগামী মাসে

  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • প্রকাশিত ৬ জুন, ২০২১

পায়রা নদীর ওপর নির্মাণাধীন পায়রা সেতুর (লেবুখালী সেতু) ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি নির্মাণ জুলাই মাসে সম্পন্ন করা হচ্ছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবদুস সবুর। গত শুক্রবার পায়রা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, সেতুটি নির্মিত হলে পায়রা সমুদ্রবন্দর ও পর্যটন নগরী কুয়াকাটার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণের পর ঢাকা হতে কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক ফেরিমুক্ত সরাসরি প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ঠিকাদার, কনসালটেন্টসহ কর্মকর্তা-কর্মচারীরা সেতুর নির্মাণ কাজে নিয়োজিত রয়েছেন। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী সেতুটির নির্মাণকাজ আগামী অক্টোবরে শেষ হওয়ার কথা। তবে ঠিকাদারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি, জুলাই মাসে সকল কাজ শেষ করতে। বর্তমানে সেতুর ফিনিশিং কাজ ও টোল প্লাজার ইকুইপমেন্ট বিদেশ থেকে আসবে এবং জুলাই মাসে কাজ শেষ হবে। এসময় বরিশাল সওজ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পায়রা সেতুর প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল হালিমসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র মতে, পায়রা সেতুটি ১৪৭০.০০ মিটার দীর্ঘ। ৩২টি স্প্যানের মধ্যে সেতুর ওপর চারটি স্প্যান এবং নদীর উত্তর ও দক্ষিণপাড়ে ভায়াডাক্টের ২৮টি স্প্যান রয়েছে। উভয়মুখী চারটি মূল ট্রাফিক লেন এবং ফুটপাতসহ সেতুটির প্রস্থতা ১৯.৭৬ মিটার। এছাড়া প্রকল্পের আওতায় ১২৬৮ মিটার অ্যাপ্রোচ সড়ক, একটি টোল রয়েছে। পায়রা সেতু নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প। ২০১৩ সালের ১৯ মার্চ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালের ১২ এপ্রিল ঠিকাদার প্রতিষ্ঠান ল জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোং লিমিটেডের সঙ্গে নির্মাণ চুক্তি করে সড়ক ও জনপথ অধিদপ্তর। কুয়েত ফান্ড আরব ইকনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) যৌথ অর্থয়ানে ১১৭০.০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে পায়রা সেতু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads