পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুমার সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
আজ শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদার মসজিদের ভেতরে এ বিস্ফোরণ হয়। খবর ডনের।
আহতদের প্রদেশটির লেডি রিডিং হাসপাতালে নেয়া হয়েছে।
হাসপাতালটির মিডিয়া ম্যানেজার অসীম খান জানান, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) পেশোয়ার ইজাজ আহসান একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের মসজিদটিতে প্রবেশের চেষ্টা করেন। এসময় পাহারায় থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান তারা। এসময় এক পুলিশ সদস্য নিহত ও অপরজন আহত হন।
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।





