ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। বাবার অবর্তমানে আমার অভিভাবক নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। আমার জন্য যা ভালো সেই সিদ্ধান্তই নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি।
আজ সোমবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন আরও বলেন, আমার নেত্রী আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি খুশি মনে হাসি মনে মেনে নিয়েছি।
দলের মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসকে সহযোগিতা করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাব। তাছাড়া আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য রয়েছে। আমার মুরব্বিদের সঙ্গেও এ ব্যাপারে আলাপ করব।’
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তিনি অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। তবে এবার আওয়ামী লীগ তাকে বাদ দিয়ে ঢাকা-১০ আসনের সাংসদ ফজলে নূর তাপসকে প্রার্থী হিসেবে বেছে নেয়।





